ফারুক খান: ‘কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দেব? এটি মিথ্যা কথা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে, ফারুক খান বলেছেন, “কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দেব? এটি মিথ্যা কথা।”
১৯জানুয়ারী ২০২৫ বুধবার, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা সংক্রান্ত মামলায় ফারুক খান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিন, কারাগার থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রশ্নে ফারুক খান পুনরায় বলেন, “কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? কিভাবে দেব?” এক সাংবাদিক প্রশ্ন করেন, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে, তবে ফারুক খান এতে কোনো উত্তর দেননি এবং চুপ করে থাকেন। পরে তাকে গারদখানায় নিয়ে যাওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপির প্রচারণার সময় খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা তার গাড়িবহরে হামলা চালিয়েছিল। এতে বেশ কিছু গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে, এবং হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।