আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: যুব ও ক্রীড়া উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আপাতত নেই, আগে তাদের বিচার হতে হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ‘তারুণ্যের উৎসবে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত।”
এসময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।”
মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। ভিডিও ও ছবিতে দেশীয় অস্ত্রসহ হামলার দৃশ্য দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চেষ্টা চলছে। ছাত্রদলের অনুসারীদের হামলার জন্য দায়ী করা হলেও, ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা হামলা চালিয়েছে।