উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা
দিগন্ত জার্নাল ডেস্ক:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উপাচার্য এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি, উপাচার্য, উপউপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবি। তারা বুধবার দুপুর ১টার মধ্যে দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে আলটিমেটাম দেন এবং দাবি পূর্ণ না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে বুধবার ৯৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতির কারণে সভাটি স্থগিত করে বেলা সাড়ে ১১টায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ভিসি ড. মুহাম্মদ মাছুদ মেডিকেল সেন্টার অবরুদ্ধ থাকায় ভার্চুয়াল মাধ্যমে সভায় যোগ দেন।
মঙ্গলবার রাতেই সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি জানিয়েছিলেন। একই দিন দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে ১০ জন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হন।
কুয়েট ক্যাম্পাসে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং প্রধান ফটকের চারপাশে অবস্থান করছেন।