কুয়েটে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার - দিগন্ত জার্নাল

কুয়েটে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার

দিগন্ত জার্নাল ডেস্ক:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় পূর্বের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে এবং সরাসরি জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ৬০ জন আহত হন। গুরুতর আহত ১০ শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা যায়, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদেরও দেখা গেছে। এ ঘটনায় যুবদল নেতা মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, যিনি সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে ছিলেন এবং যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

an adbox will go here