মানবতাবিরোধী অপরাধে সাবেক আইজিপি মামুনসহ ১০ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
দিগন্ত জার্নাল ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১০ সাবেক কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধানসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি পৃথক প্রিজন ভ্যানে করে তাদের আনা হয়।
হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুর ইসলাম, ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক এবং র্যাবের দুই সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন।
এর আগে, গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দিয়েছিলেন।