বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের পরিবারের ৩৯ ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ - দিগন্ত জার্নাল

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের পরিবারের ৩৯ ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাদের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন এ সংক্রান্ত আবেদন করেন, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এস কে সুর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ও পরিবারের নামে থাকা সম্পদের পরিমাণ প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা, যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। নিয়মিত মামলা দায়েরের আগেই এসব সম্পদ স্থানান্তরের শঙ্কা থাকায় জব্দের আবেদন করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, সেগুনবাগিচায় এস কে সুরের ১৫০০ বর্গফুটের এবং ধানমন্ডিতে সুপর্ণা সুরের ৪৪০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। দুদকের গঠিত তিন সদস্যের অনুসন্ধান টিম বিষয়টি খতিয়ে দেখছে।

an adbox will go here