নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্তের শেষ মুহূর্তের তোড়জোড়
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। শীর্ষস্থানীয় পদগুলোতে কারা থাকছেন, তা প্রায় নির্ধারিত। মূল নেতৃত্বে থাকছেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া পরিচিত মুখরা। নতুন দলের নাম চূড়ান্ত করতে আজ-কালকের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে, এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও পরিস্থিতি বুঝে তা দুদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারিও হতে পারে। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী কর্মী-সমর্থকদের ঢাকায় আসার প্রস্তুতি চলছে। সুশৃঙ্খলভাবে দল গঠনের কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটি-উপকমিটি গঠন করা হয়েছে।
দলটির শীর্ষ নেতৃত্বের বিষয়ে জানা গেছে, আহ্বায়ক পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন আসতে পারেন। যুগ্ম-আহ্বায়ক হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং যুগ্ম সদস্য সচিব অনিক রায়।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। নতুন দলের মুখপাত্রের দায়িত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম দলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাবেন বলে জানা গেছে।
নতুন দলের নাম নিয়ে এখনও আলোচনা চলছে। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক জনমত জরিপে উঠে আসা ‘গণতন্ত্র’, ‘নাগরিক’, ‘জাস্টিস’, ‘বৈষম্যবিরোধী’সহ বিভিন্ন মতামত বিশ্লেষণ করে দলের নাম চূড়ান্ত করতে চায় নেতৃত্বস্থানীয়রা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে, তবে বিকল্প হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউও বিবেচনায় রয়েছে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে জাতীয় নাগরিক কমিটি থেকে ৬৮ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক, চিকিৎসা ও গণমাধ্যমবিষয়ক পৃথক তিনটি উপকমিটিও গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন দল সম্পর্কে জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য একটি উপকমিটিও কাজ করছে।