ছাত্রদলকে সহিংসতা পরিহারের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে সংগঠনটির দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজনৈতিক সহিংসতা পরিহার করে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখার এক শিক্ষার্থীর ওপর হামলা, ভিডিও রেকর্ডিং এবং থানায় আটকে রাখার অভিযোগের বিষয়ে সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার পুনরাবৃত্তি ও রাজনৈতিক দমন-পীড়নের প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির জন্য হুমকিস্বরূপ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আশা প্রকাশ করেছে যে, সব ছাত্র সংগঠন ধৈর্যশীল আচরণ বজায় রাখবে এবং সহিংসতা পরিহার করবে। একই সঙ্গে আহত শিক্ষার্থীর সুস্থতা কামনা করে, তার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে।
— দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে।