একুশের দিনে বইমেলায় ছিলো জনস্রোত - দিগন্ত জার্নাল

একুশের দিনে বইমেলায় ছিলো জনস্রোত

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া অমর একুশে বইমেলা রাত ৯টা পর্যন্ত চলে। শহিদ মিনারে শ্রদ্ধা জানানো মানুষের বিশাল অংশই পরে বইমেলায় ছুটে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, সন্ধ্যার আগেই তা জনারণ্যে পরিণত হয়। সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মেলার আশপাশের সড়কজুড়ে তৈরি হয় তীব্র যানজট।

পাঠক-ক্রেতার উপচে পড়া ভিড়
বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে বিক্রয়কর্মীদের দম ফেলার ফুরসত ছিল না। ছোট-বড় সব প্রকাশনীতে পাঠক ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই ব্যাগভর্তি নতুন বই কিনেছেন, যদিও কিছু প্রকাশক মানুষের তুলনায় বিক্রি কিছুটা কম হওয়ার কথা জানিয়েছেন। তরুণ-তরুণীদের পোশাকে বর্ণমালার ছাপ ছিল বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ।

ধানমন্ডি থেকে আসা সাদিয়া জানান, ‘২১শে ফেব্রুয়ারি আমাদের জন্য অন্যরকম এক অনুভূতির দিন। পরিবারের সঙ্গে মেলায় এসে নতুন ও পুরোনো বই কিনেছি।’ পুরান ঢাকার নুসরাত জাহান বলেন, ‘মাতৃভাষার চর্চা বাড়ানো উচিত, বিশেষ করে উচ্চশিক্ষা ও অফিস-আদালতে।’

বইমেলায় বিশেষ আয়োজন
শুক্রবার বইমেলার ২১তম দিনে নতুন বই এসেছে ৩০৭টি। সকাল ৮টায় মূলমঞ্চে স্বরচিত কবিতা পাঠের আসরে দেড় শতাধিক কবি কবিতা আবৃত্তি করেন, সভাপতিত্ব করেন কবি হাসান হাফিজ। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় ‘অমর একুশে বক্তৃতা ২০২৫’। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাগত বক্তব্যে বলেন, ‘একুশ আমাদের জন্য শুধু অতীত নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের প্রেরণা।’

প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক আনু মুহাম্মদ ভাষা আন্দোলনের প্রভাব তুলে ধরে বলেন, ‘১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল মুক্তিযুদ্ধ, গণ-অভ্যুত্থান ও সাম্যবাদী বাংলাদেশের স্বপ্নের ভিত্তি।’ সভাপতির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘ইতিহাস শুধু অতীত নয়, এটি পরিবর্তনের রহস্য উন্মোচনের মাধ্যম।’

সাংস্কৃতিক পরিবেশনা ও আজকের আয়োজন
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি মোহন রায়হান ও কবি আবিদ আজম। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন রুম্মানা জান্নাত, নিলয় রফিক ও কাজিম রেজা। সংগীত পরিবেশন করেন শাহিন পারভীন, অধরা সরকার রিয়া, একেএম সাইদ হোসেন, শ্রাবণী পাইকসহ অনেকে।

আজ মেলার ২২তম দিন। মেলা শুরু হবে বেলা ১১টায়, দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর থাকবে। বিকাল ৪টায় মূলমঞ্চে ‘জীবন ও কর্ম : কায়কোবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন ইমরান কামাল, আলোচনায় থাকবেন হাবিব আর রহমান, সভাপতিত্ব করবেন আবু দায়েন।

an adbox will go here