নতুন ছাত্র সংগঠনের দল ঘোষণার প্রস্তুতি, নেতৃত্বে নাহিদ ইসলাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম নিশ্চিত হয়েছে। তবে দল ঘোষণার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন।
সংগঠনের শীর্ষ পদ নিয়ে সমঝোতা চলছে। সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত, মুখ্য সংগঠক হবেন সারজিস আলম, আর মুখপাত্র হিসেবে দেখা যেতে পারে হাসনাত আবদুল্লাহকে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় আছে।
নতুন সংগঠনের আত্মপ্রকাশ ২৬ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হতে পারে। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান শীর্ষ দুই পদে আসতে পারেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে থাকতে পারেন আবদুল কাদের ও সানজানা আফিফা অদিতি।
সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই সংগঠনের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকবে না।