চলন্ত বাসে ডাকাতিকালে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ডাকাত দল নারীদের কাছ থেকে স্বর্ণ ও রূপার গয়না লুট করার সময় তাদের স্পর্শ করেছে, যা শ্লীলতাহানি হিসেবে বিবেচিত হতে পারে।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার কর্মকর্তা আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)। অভিযানে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর এলাকায় চলন্ত বাসে তিন ঘণ্টা ধরে ডাকাতি হয় এবং দুই নারী শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে যাত্রীরা নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা নেন এবং বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে ৫৪ ধারায় আদালতে হাজির করার পর তারা জামিন পান। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে বাসযাত্রী ওমর আলী মির্জাপুর থানায় ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।