সাবেক সামরিক কর্মকর্তাদের মতবিনিময়, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫: শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দিন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, লে. কমান্ডার (অব.) মেহেদী হাসান, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন, ক্যাপ্টেন (অব.) শুভ আফ্রিদি প্রমুখ। সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
এক সাবেক সেনা কর্মকর্তা জানান, “আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের ১ কোটির বেশি ভোটার রয়েছে। এই ১ কোটি ভোটার আগামী নির্বাচনে আমাদের রিজার্ভ হিসাবে থাকবে।” তিনি আরও বলেন, “বিএনপির অনেক নেতাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং রমজান সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি চলছে। ছাত্র সংগঠনগুলোকে বলছি—আপনারা ধীরে চলুন, না হলে আপনারাও ছাত্রলীগের মতো পরিণতি পেতে পারেন।” তিনি সন্ত্রাসীদের বিচার দাবি করেন এবং বলেন, “যারা খুনিদের সহযোগিতা করছে, তাদের ঠেকিয়ে দিতে হবে।”
সারজিস আলম বলেন, “আমরা আগামী বাংলাদেশে দেশপ্রেম এবং নীতির মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।” তিনি সাবেক সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি দেশের স্বার্থে কাজ করতে চান, তাহলে সঠিক জায়গায় প্রতিবাদ করুন।”
তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক দল তৈরি করব যেখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। যোগ্য ব্যক্তিরাই নেতৃত্বে আসবে।” তিনি সকল সাবেক সেনা কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে আসার আহ্বান জানান।