আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, আরও উন্নতির সুযোগ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দিগন্ত জার্নাল

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, আরও উন্নতির সুযোগ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি স্বীকার করেছেন যে, পরিস্থিতি আরও উন্নত করার সুযোগ রয়েছে। সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রোববার রাত তিনটায় কেন সংবাদ সম্মেলন করতে হলো, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আগে রাত আড়াইটায় কাউকে খুঁজে পাওয়া যেত না। এখন আমরা দিনেও কাজ করি, রাতেও কাজ করি। সাংবাদিকদের বোঝানোর জন্যই রাতে সংবাদ সম্মেলন করা হয়েছে যে, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও সক্রিয় থাকেন।”

তিনি আরও বলেন, “বনশ্রীতে রোববার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আগে এমন ঘটনা জানতে দুই-তিন দিন সময় লেগে যেত। এখন তাৎক্ষণিক জানা যাচ্ছে, তাই অনেকের মনে হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, তবে ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

গত কয়েক দিনের ঘটনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, “মানুষকে আশ্বস্ত করতেই আজ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা হয়েছে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি আরও উন্নত হবে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সবাই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সভায় ঢাকাকে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ প্যাট্রোল শুরু হবে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা নজরদারি করা হবে।

an adbox will go here