ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়: তৌহিদ হোসেন - দিগন্ত জার্নাল

ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়: তৌহিদ হোসেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ‘বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়’ এমন বক্তব্যের পালটা জবাবে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “একইভাবে ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়।”

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন আরও বলেন, “আমরা আশপাশ থেকে দু’চারজন কী বলল সেটাতে মনোযোগ না দিয়ে বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি।”

তিনি যোগ করেন, “ভারতের সঙ্গে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে। আমরা গুড ওয়ার্কিং রিলেশনস চাই, যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে এবং যার যার আগ্রহের বিষয় থাকবে।”

উপদেষ্টা বলেন, “যদিও ভারতের পক্ষ থেকেও কিছু অস্বাভাবিক মন্তব্য এসেছে, আমাদের সরকার সেগুলো নিয়ে বিচার করতে চায় না। আমরা সম্পর্কের উন্নয়নই চাই।”

মমতা বন্দোপাধ্যায়ের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর মন্তব্য এবং ভারতের এক মন্ত্রীর বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, “এগুলো চলতেই থাকবে, তবে আমরা আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ভারতীয় আতিথেয়তায় থাকা অবস্থায় কিছু বক্তব্য সম্পর্কের জন্য ক্ষতিকর। এসব বন্ধ করা উচিত।”

ভারতীয় ভিসা ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “ভিসা তাদের অধিকার, যখন না দিবে, আমরা বিকল্প দেখবো। এবং সংখ্যালঘু বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাতে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়।”

an adbox will go here