নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় কমিটি ও কাঠামো সেদিনই ঘোষণা করা হতে পারে। তবে দলীয় প্রতীক এখনই প্রকাশ করা হচ্ছে না।
দলটির শীর্ষ পদ থাকবে ছয়টি, আহ্বায়কের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিতে প্রাথমিকভাবে ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকবেন, যা পরে ৩০০ থেকে ৫০০ জনে উন্নীত করা হবে। কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত কাঠামো গঠনের আগে আহ্বায়ক কমিটিই দলকে নির্বাচনের প্রস্তুতি নেবে।
দলটির সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে, যেখানে ‘নাগরিক’, ‘ছাত্রজনতা’ ও ‘রেভ্যুলেশন’ শব্দ থাকতে পারে। সম্ভাব্য প্রতীক হিসেবে কলম ও শাপলার কথা আলোচনায় রয়েছে।
দলটির শীর্ষ নেতৃত্বে নাহিদ ইসলাম থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকবেন।
এদিকে, বিএনপি নতুন দলটিকে সরকারের আনুকূল্যে গঠিত বলে দাবি করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে থেকে দল গঠনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তবে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এসব অভিযোগ নাকচ করে বলেছেন, জনগণকে বোঝানোর মাধ্যমে তারা এই বিতর্ক কাটিয়ে উঠবেন।
বিশ্লেষকদের মতে, নতুন দলটি গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সরকারের আনুকূল্যের অভিযোগ কাটিয়ে উঠতে পারলে ভোটের রাজনীতিতে প্রভাব রাখতে পারে। এখন দেখার বিষয়, তারা কতটা জনসমর্থন আদায় করতে সক্ষম হয়।