জাতীয় শহিদ সেনা দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় শহিদ সেনা দিবসে সব শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এবারই প্রথমবারের মতো ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং এটি প্রতিবছর পালিত হবে। তিনি শহিদ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এত বছর পরও স্বজন হত্যার সুবিচারের অপেক্ষায় আছেন তারা।
তিনি আরও বলেন, পিলখানার নির্মম হত্যাকাণ্ডের পর জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়েছে। তবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ এবং সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শহিদদের আত্মত্যাগ জাতিকে সঠিক পথে পরিচালিত করবে এবং দুঃশাসন, ষড়যন্ত্র ও আত্মঅহংকার যেন আর কোনো প্রাণ না কেড়ে নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশ যেন আদর্শিক মাপকাঠি হয়ে ওঠে। শহিদ সেনাদের স্মরণে একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন তিনি।