রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তিগত ও রাজনৈতিক সংস্কারও জরুরি: উপদেষ্টা আসিফ
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের পর শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্কার নয়, ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কারও জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সংস্কার’ স্লোগানকে সামনে রেখে।
উপদেষ্টা আসিফ বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ সব দিকেই ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। তাই সকলকে আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। তবে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও অন্তত সিটি করপোরেশন নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়া উচিত, যাতে নাগরিকদের দৈনন্দিন সমস্যা কিছুটা হলেও লাঘব হয়।
দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় দেশের প্রতিটি প্রতিষ্ঠান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এসব সমস্যা মোকাবিলা করে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনসেবামুখী করতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এর সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে।
তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেই পরিস্থিতি থেকে বাহিনীগুলো এখনো পুরোপুরি উত্তরণ করতে পারেনি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তবে বাহিনীগুলোকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
[দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে]