খুব ভোরে টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে ভোরে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ভোরে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, চেকপোস্ট ও থানা পরিদর্শন করেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।
বারিধারার বাসা থেকে বের হয়ে তিনি বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ, নিউমার্কেট থানা, শাহবাগ, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা ও গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।