বিএনপির বর্ধিত সভা, নির্বাচনের প্রস্তুতি শুরু - দিগন্ত জার্নাল

বিএনপির বর্ধিত সভা, নির্বাচনের প্রস্তুতি শুরু

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতির দিকে মনোযোগী হয়ে উঠেছে। দলটি বিশ্বাস করে, ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরি। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগের পরিকল্পনা করেছে দলটি।

এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা এই সভাকে নির্বাচনমুখী যাত্রা হিসেবে দেখছেন। ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় দলের ভবিষ্যত পরিকল্পনা, সাংগঠনিক বিষয় এবং নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ বর্ধিত সভা থেকে দলের আসন বণ্টন পরিকল্পনা প্রকাশ হতে পারে। গুঞ্জন রয়েছে, ২২০-২২৫টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হতে পারে। বাকি আসনগুলো জোট বা যুগপৎ আন্দোলন করা মিত্র দলগুলোর জন্য বরাদ্দ রাখা হতে পারে।

এছাড়া, দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রদবদল করার সিদ্ধান্তও আসতে পারে এই সভা থেকে। সভার পর দলটি নির্বাচনের জন্য নতুন পথে এগোতে শুরু করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

an adbox will go here