প্রধান উপদেষ্টাকে আ'লীগ নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি: গণঅবস্থানকারীরা - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টাকে আ’লীগ নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি: গণঅবস্থানকারীরা

দিগন্ত জার্নাল ডেস্ক:

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থানরত ছাত্র-জনতা। স্মারকলিপিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব গালিব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শফিউল আলম প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি, আওয়ামী লীগ নিষিদ্ধের ৫ দফা, জুনে গণপরিষদ নির্বাচনসহ ১১ দফা দাবি ও জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান রচিত “জুলাই বিপ্লবের ইশতেহার” গ্রহণ করেন। পরে বিকাল ৩টায় এসব দলিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা হয় বলে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। এ সময় জানানো হয়, স্মারকলিপির বিষয়ে তিনি আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করবেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজু ভাস্কর্যে “জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরে হত্যাযজ্ঞের” দায়ে আওয়ামী লীগ ও মিত্রদের নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার লাগাতার গণঅবস্থান কর্মসূচি চলছে। জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ এ কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীপরিষদ, উপদেষ্টা এবং নবম থেকে দ্বাদশ সংসদের সদস্যদের “ফ্যাসিস্ট” ঘোষণা করে তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রতিদিন গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার বিকাল ৩টায় গণঅবস্থানকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন এবং বুধবার দুপুরে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে।

an adbox will go here