সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।
তিনি বলেন, “ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।”
সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাপ্রধানকে ‘কর্নেল র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।