ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য প্রকাশ করলেন উপদেষ্টা
দিগন্ত জার্নাল প্রতিবেদন
উপদেষ্টা পদে যোগদানের আগে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। তিনি জানান, ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয়।
তিনি বলেন, “উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, এই অ্যাকাউন্ট ছাড়া আমার অন্য কোনো ব্যাংক হিসাব নেই।”
তিনি আরও জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তার বা তার পরিবারের (স্ত্রী, মা, বাবা) নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই এবং কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।
তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাবে ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে। তিনি নিশ্চিত করেন যে, একান্ত সচিব দায়িত্ব গ্রহণের পর তার বা তার পরিবারের (স্ত্রী, মা, বাবা) নামে কোনো সম্পত্তি কেনা হয়নি।
তিনি বলেন, “আমার ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যদের সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে।”
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী যেকোনো সরকারি দপ্তর থেকে এই তথ্য যাচাই করা সম্ভব।