জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ আজ
নিজস্ব প্রতিবেদক:
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্ররা এই দলের নেতৃত্বে রয়েছেন।
১৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন মনোনীত হয়েছেন। এছাড়া, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দায়িত্ব পালন করবেন।
আত্মপ্রকাশে বিশাল জনসমাগমের প্রস্তুতি
আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশ থেকে কর্মী-সমর্থকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারের সাবেক আমলা, জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, প্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের জন্য অস্থায়ী মঞ্চ নির্মাণ, মেডিকেল টিম, নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিকল্পনা
দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এবং প্রয়োজনে নির্বাচনি জোট গঠন করতে পারে। দলটির গঠনতন্ত্র ও নির্বাচনি ইশতেহারে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থাকবে।
প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক আমন্ত্রণ
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা তিনি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে আমন্ত্রণ জানানো হয়নি।
তরুণ নেতৃত্বের নতুন দিগন্ত
নতুন এই রাজনৈতিক দলের মাধ্যমে তরুণ নেতৃত্ব দেশের রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিতে যাচ্ছে। ‘জুলাই স্পিরিট’ সামনে রেখে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি।