জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন ফাহিম রহমান খান পাঠান
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার ফাহিম রহমান খান পাঠান। এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
২০১৮ সালের কোটার সংস্কার আন্দোলনে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ”-এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ময়মনসিংহ বিভাগে ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কও ছিলেন।
নেত্রকোনা ও ময়মনসিংহে ধর্ষণ, সন্ত্রাসবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রভাবশালীদের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি।
২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন “উজ্জীবন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা দুর্যোগকালে ত্রাণ সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা ও রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২০ সাল থেকে তিনি “Netrokona Cat & Dog Society” সংগঠনের মাধ্যমে ৫০০টিরও বেশি বিড়াল ও কুকুরকে বিনামূল্যে দত্তক দিয়েছেন এবং নিজ খরচে চিকিৎসা সেবা দিয়েছেন।
সম্প্রতি তিনি “Scholars Academy” নামে একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে দরিদ্র শিক্ষার্থী ও বয়স্কদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা ও অন্যান্য শিক্ষার ব্যবস্থা করা হবে।
ছাত্রজীবনে স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত থেকে অসংখ্য সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়েছেন তিনি। ২০১০ সালে তিনি বয়েজ স্কাউটদের মহাসম্মেলন “জাম্বুরি”-তেও অংশ নেন।
বিভিন্ন সময় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে হুমকি ও হয়রানির শিকার হয়েছেন ফাহিম রহমান খান পাঠান। তবুও তিনি তৃণমূলের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।