রোহিতের ফিটনেস মন্তব্য ঘিরে কংগ্রেস-বিজেপি দ্বন্দ্ব, বললেন যুবরাজের বাবা
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে কংগ্রেসের মুখপাত্র শ্যামা মোহামেদ তির্যক মন্তব্য করার পর শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘রোহিতের ওজন কমানো জরুরি। তিনি ভারতের সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক।’
তার এ মন্তব্যের পর বিজেপি-কংগ্রেস সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এবার বিতর্কে যোগ দিলেন সাবেক ক্রিকেটার ও যুবরাজ সিংয়ের বাবা যুগরাজ সিং।
রোহিতকে সমালোচনা করা কংগ্রেস নেতার পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুগরাজ। তিনি আরও বলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে তাকে ব্যাগপত্র গুছিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিতাম।’
তিনি কংগ্রেস নেতার সমালোচনা করে বলেন, ‘ভারতীয় ক্রিকেটারের কাছে তার দেশ ও মানুষ জীবনের চেয়েও প্রিয়। যারা দেশের জন্য লড়াই করে তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। ক্রিকেট আমাদের ধর্ম। যারা খেলোয়াড়দের অপমান করে, তাদের লজ্জিত হওয়া উচিত।’
এদিকে বিতর্ক চললেও রোহিত এখন ব্যস্ত মাঠের লড়াইয়ে। আজই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তার দল।