অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার - দিগন্ত জার্নাল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার

দিগন্ত জার্নাল ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামে পরিচিত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে বর্তমানে ২১ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সি আর আবরার শিক্ষার দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করবেন প্রধান উপদেষ্টা।

সি আর আবরার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক এবং বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব বিষয়ে গবেষণা করেছেন। তিনি অভিবাসন খাতের গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর নির্বাহী পরিচালক। একসময় তিনি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ক্ষমতার পালাবদলের পর গত বছরের শেষভাগে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তাতে সদস্য হিসেবে ছিলেন অধ্যাপক আবরার।

নতুন উপদেষ্টার শপথের জন্য ইতোমধ্যে বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোজাফফর আহমেদ জানিয়েছেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শপথ গ্রহণের জন্য একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।”

প্রবল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হন। সবশেষ গত ১০ নভেম্বর তিনজন শপথ নিলে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২৪ জনে। তাদের মধ্যে এএফ হাসান আরিফ ২০ ডিসেম্বর মারা যান এবং নাহিদ ইসলাম গত ২৬ ফেব্রুয়ারি রাজনীতিতে যোগ দিতে পদত্যাগ করেন।

বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ পদমর্যাদায় তিনজন রয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

an adbox will go here