বিয়ে নিয়ে মজা নয়, এটি আল্লাহর নিদর্শন: শাইখ আলী হাম্মুদার বক্তব্য - দিগন্ত জার্নাল

বিয়ে নিয়ে মজা নয়, এটি আল্লাহর নিদর্শন: শাইখ আলী হাম্মুদার বক্তব্য

আয়েশা ফারহীন । দিগন্ত জার্নাল

শাইখ আলী হাম্মুদা তার এক লেকচারে বিয়ের গুরুত্ব এবং কেন আজকাল বিয়ে আগের মতো স্থায়ী হয় না, তা নিয়ে আলোচনা করেছেন। তিনি চারটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছেন, যা সমাজে বিয়ের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রেখেছে।

প্রথমত, বিয়ের প্রতি আগের দিনের সিরিয়াসনেস এখন কমে গেছে, কারণ পরিবার ও সমাজ থেকে যে শিক্ষাটি দেয়া হতো তা এখন বিলীন হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালিজম, শিক্ষাব্যবস্থা, সিনেমা এবং অন্যান্য অপ্রয়োজনীয় ব্যস্ততা বিয়ের গুরুত্ব সম্পর্কে আমাদের ধারণাকে দুর্বল করে দিচ্ছে। দ্বিতীয়ত, হারাম সম্পর্কের প্রভাব রয়েছে, যেগুলোতে সাধারণত দায়িত্ববোধ থাকে না এবং ইজি গোয়িং-ইজি কামিং মানসিকতা গড়ে ওঠে, যা বৈধ দাম্পত্য সম্পর্কের স্থায়িত্বের পক্ষে বিরূপ প্রভাব ফেলে। তৃতীয়ত, বিভিন্ন মতবাদ, বিশেষ করে ফেমিনিজমসহ অন্যান্য ‘ইজম’ বিয়েকে স্বাধীনতা-বিরোধী ও দায়িত্বের শৃঙ্খলে বাঁধা একটি প্রতিষ্ঠান হিসেবে চিত্রিত করে, যা অনেককে বিয়েকে গুরুত্বহীন ভাবতে উৎসাহিত করে।

সবচেয়ে গুরুতর বিষয় হলো, বিয়ে নিয়ে কৌতুক ও তাচ্ছিল্য। আজকাল স্ট্যান্ডআপ কমেডি, নাটক-সিনেমা, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানেই বিয়ে নিয়ে ঠাট্টা-তামাশা করা হয়, যা বিয়ের প্রতি মানুষের গুরুত্ববোধ কমিয়ে দেয়। যখন কোনো বিষয় নিয়ে সমাজের প্রতিটি স্তরে কনস্ট্যান্টলি মজা করা হয়, তখন তা স্বাভাবিকভাবেই হালকাভাবে নেওয়া হয়। অথচ, বিয়ে আল্লাহর একটি নিদর্শন, যা সুরা আর-রুমে আল্লাহ নিজেই বলেছেন— “আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা আর-রুম: ২১)

শাইখ আলী হাম্মুদা তার বক্তব্যে আমাদের দ্বীনি কমিউনিটির ওপর যে চাপগুলো পড়ছে, তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রথম তিনটি বিষয় থেকে আমরা মুক্ত থাকলেও, চতুর্থ বিষয়টি আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তিনি সবাইকে অনুরোধ করেন, বিয়ে নিয়ে মজা করা যেন পুরোপুরি পরিহার করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিষয়গুলোকে উত্সাহিত না করা হয়।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন