সাবেক ভূমিমন্ত্রী ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাবের মোট পরিমাণ ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা। বুধবার (৫ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে এবং তদন্তের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত চলাকালে সাইফুজ্জামান চৌধুরী তার অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ১৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামের অধীনে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, এপার্টমেন্ট এবং জমি জব্দের আদেশ দেন। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে। এছাড়া, দুটি ব্যাংক হিসাব এবং বাংলাদেশের একটি ব্যাংকের হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
গত ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তীতে বিএফআইইউ সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের অন্য সদস্যদের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।
সাইফুজ্জামান চৌধুরী ২০১৩ সালের উপ-নির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।