প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে: সার্জিস
দিগন্ত জার্নাল ডেস্ক :
বসুন্ধরা আবাসিক এলাকায় ইফতারের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক ও চায়ের আড্ডা শেষে বের হওয়ার পর হামলার শিকার হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে কিছু ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সার্জিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হামলার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ৫ মার্চ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত NSU, IUB, AIUB ও UIU-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে বৈঠক ও চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়। এরপর তারা NSU-র সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ১০-১২ জনের একটি দল ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিতে থাকে।

সার্জিস আলম জানান, তিনি তাদের কাছে গিয়ে কথা বলতে চাইলে তারা তার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওই দলটির মধ্যে ১-২ জন শিক্ষার্থী মনে হলেও বাকিরা ছিল ভাড়া করা দুষ্কৃতিকারী। বিব্রতকর পরিস্থিতি তৈরি হলে তিনি দুই পক্ষকেই সেখান থেকে চলে যেতে বলেন এবং নিজেও চলে আসেন।
পরবর্তীতে ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে হামলা
তবে ঘটনার কিছুক্ষণ পর ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্বে সার্জিস আলমের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সরাসরি মাথা ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সার্জিস আলম বলেন, ১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর যদি এখন কেউ একই ধরনের আচরণ করে, তবে তার পরিণতিও টোকাইলীগের মতো হতে খুব বেশি সময় লাগবে না।
তিনি ছাত্রদল নেতা আহমেদ শাকিলসহ হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি আরও বলেন, সময়ের কাছে শিক্ষা নিতে হবে, নিকট অতীত থেকে শিক্ষা নিতে হবে।