ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ - দিগন্ত জার্নাল

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বন্দিদের কাছ থেকে অর্থ আদায়, মাদক ব্যবসা, অবৈধ সুবিধা প্রদান, নির্যাতন, চিকিৎসা সংকট ও অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির মতো নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, কারাগারের জেলার একেএম মাসুমের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যেখানে ডেপুটি জেলার তানজিল হোসেন, দেলোয়ার হোসেন, জান্নাত, ইউসুফ, সার্জেন্ট ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম, সুবেদার সাইফুল, আতাউরসহ আরও অনেকে জড়িত। তারা ভিআইপি বন্দিদের কাছ থেকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি সাধারণ বন্দিদের ওপর নানা ধরনের নির্যাতন চালাচ্ছেন।

বন্দিদের জন্য নির্ধারিত খাবারের পরিবর্তে অতিরিক্ত অর্থের বিনিময়ে মাছ-মাংসসহ উন্নত খাবারের ব্যবস্থা করা হয়, এমনকি তাদের মোবাইল ফোন ব্যবহারেরও সুযোগ দেওয়া হয়।

চিকিৎসার আবেদন করায় এক বন্দিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, ক্যান্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ বাজারের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে, যার মধ্যে ২৫০ টাকার সিগারেট ৪০০ টাকায়, ৫০ টাকার কলা ৮০ টাকায় এবং পোলট্রি মুরগির মাংসের প্রতিটি পিস ১০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে।

এসব অনিয়মের মাধ্যমে কারা কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা লাভবান হচ্ছেন বলে জানা গেছে। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলার একেএম মাসুম ও ডিআইজি (প্রিজন) জাহাঙ্গীর কবির। তারা দাবি করেছেন, কারাগারের বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে, মানবাধিকার সংস্থাগুলো কারাগারের এসব অনিয়ম ও নির্যাতনের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, কারাগারের পরিস্থিতি স্বচ্ছ করতে এবং বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

an adbox will go here