আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার আহ্বান: এনসিপির আহ্বায়ক নাহিদ - দিগন্ত জার্নাল

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার আহ্বান: এনসিপির আহ্বায়ক নাহিদ

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশকে তাদের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে নিম্নবিত্তদের জন্য মাসব্যাপী ‘গণমানুষের ইফতার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন প্রমুখ।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে সমাজে নানা অস্থিরতা বিরাজ করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। প্রত্যাশা অনুযায়ী পুলিশকে আরও সক্রিয় হতে হবে এবং তাদের নিজস্ব দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, “শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে করতে হবে। সবাই মিলে এ সময়টাকে কাজে লাগিয়ে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে।”

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ ঈদ বাজার, এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে একে অপরের সঙ্গে ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য। সেই দৃষ্টান্ত স্থাপন করতেই আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

an adbox will go here