শামির রোজা না রাখার বিষয়ে বিতর্ক, পাল্টা জবাব কংগ্রেস নেত্রীর - দিগন্ত জার্নাল

শামির রোজা না রাখার বিষয়ে বিতর্ক, পাল্টা জবাব কংগ্রেস নেত্রীর

দিগন্ত জার্নাল ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রমজানের রোজা না রাখায় ভারতীয় পেসার মুহাম্মদ শামিকে ‘অপরাধী’ বলেছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভী ব্রেলভী। এবার সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তিনি বলেন, কেউ ভ্রমণে থাকলে বা শারীরিক পরিশ্রমের কাজ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। ইসলাম এসব পরিস্থিতিতে ছাড় দেয়।

শামা মোহামেদ এক সাক্ষাৎকারে বলেন, ইসলামে রমজানের সময় কেউ যদি বাইরে ভ্রমণে থাকে, তবে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। মুহাম্মদ শামি বাড়িতে নয়, বরং খেলায় ব্যস্ত। ক্রিকেট খেলতে প্রচুর শক্তি দরকার হয়, তৃষ্ণাও লাগে। ইসলাম কখনো বলে না যে খেলাধুলার সময় রোজা রাখতেই হবে। ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম, যেখানে কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

শামিকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলিও শামার সুরে বলেন, ‘আল্লাহ কুরআনে স্পষ্ট করেছেন, যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয়, তবে তার জন্য রোজা বাধ্যতামূলক নয়। শামি ট্যুরে রয়েছে, ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। তাকে প্রশ্ন করার অধিকার নেই কারও।’

তবে এর আগে মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছিলেন, ‘ইসলামে রোজা রাখা একটি কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তবে সে পাপী। মুহাম্মদ শামি রোজা রাখেননি, এটি পাপ। তিনি অপরাধ করেছেন। ম্যাচের সময় তার জুস খাওয়া ভুল বার্তা দিয়েছে।’

এদিকে, শামা মোহামেদ আগেও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কিছুদিন আগে তিনি অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে রোহিত খুব মোটা এবং ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাহীন অধিনায়ক।’

তার এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয় এবং কংগ্রেস দল তার বক্তব্য থেকে দূরত্ব তৈরি করে পোস্ট মুছে ফেলার পরামর্শ দেয়। পরে শামা মোহামেদ ব্যাখ্যা দেন, তিনি কারও দেহসৌষ্ঠব নিয়ে কটাক্ষ করেননি, বরং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাধারণ পর্যবেক্ষণ করেছেন।

an adbox will go here