বাংলাদেশে পরিস্থিতির গুরুত্ব দিতে জাতিসংঘকে ইউনূসের আহ্বান: তুর্ক - দিগন্ত জার্নাল

বাংলাদেশে পরিস্থিতির গুরুত্ব দিতে জাতিসংঘকে ইউনূসের আহ্বান: তুর্ক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (জুলাই বিপ্লব) পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘকে তথ্যানুসন্ধানী দল পাঠানোর এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন।

ভলকার তুর্ক বলেন, “আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, যেখানে এটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। গত বছরের বাংলাদেশের উদাহরণ,” উল্লেখ করে বলেন, “জুলাই-আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় এবং আন্দোলন দমনে নিপীড়ন চালানো হচ্ছিল।” তিনি জানান, জাতিসংঘের পক্ষ থেকে সেই সময় সন্ত্রাসবিরোধী সতর্কতা এবং সেনাবাহিনীকে হুঁশিয়ার করা হয়েছিল, যার ফলে পরিস্থিতিতে পরিবর্তন আসে।

ভলকার তুর্ক আরও বলেন, “অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন, তিনি আমাকে বলেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন? পরিস্থিতির গুরুত্ব দিতে পারেন এবং সেখানে কী ঘটছে তা তদন্ত করতে পারেন। আমরা সেটা করেছিলাম, এবং এটি কার্যত সাহায্য করেছে।”

তিনি উল্লেখ করেন, “গত বছর বাংলাদেশে গিয়ে আমরা অবস্থান নিয়েছিলাম, কথা বলেছিলাম এবং সহযোগিতা প্রদান করেছিলাম, যা ছাত্ররা আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে।”

অন্যদিকে, ইউএসএআইডি (যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) সহায়তা বন্ধের বিষয়ে ভলকার তুর্ক বলেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের ওপর গুরুতর প্রভাব পড়েছে। তিনি আশা করেন, ওয়াশিংটন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

বিশ্বের অন্যান্য সংকটপূর্ণ দেশগুলোর পরিস্থিতি নিয়েও কথা বলেন ভলকার তুর্ক। তিনি সিরিয়া, লেবানন, সুদান, ইউক্রেন ও গাজা ইত্যাদি অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা ও মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

an adbox will go here