ফেনীর দাগনভূঞায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
দিগন্ত জার্নাল ডেস্ক :
ফেনীর দাগনভূঞায় এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জামাল উদ্দিন টিংকু, যিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শুক্রবার সন্ধ্যায় এই হামলার শিকার হন। তার দাবি, হামলার সাথে জড়িত সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রদল নেতা।
টিংকু জানান, শুক্রবার ইফতারের পর তিনি দাগনভূঞা বাজারে যান, এ সময় ফটিকের নির্দেশনায় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে ফটিক বলেন, টিংকুর ওপর যারা হামলা করেছে, তারা তার কর্মী নয় এবং তিনি তাদের কাউকে চেনেন না।
উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’