প্রফেসর মুহাম্মদ ইউনূস: নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সম্প্রতি নারীদের ওপর যেসব জঘন্য হামলার খবর আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, এটি ‘নতুন বাংলাদেশ’ এর যে স্বপ্ন আমরা দেখছি, তার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য এবং আমরা এ জন্য আমাদের সব শক্তি প্রয়োগ করবো।
মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে শুধুমাত্র যদি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা হয়। এই লক্ষ্য অর্জনের জন্য পুরুষদেরও নারীদের সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, নারী-বিরোধী শক্তি যদি মাথাচাড়া দেয়, তবে তা মোকাবিলা করা আমাদের দেশের মানুষের দায়িত্ব। ইউনূস আরও বলেন, আমাদের সমাজে এখনও এমন বহু মানুষ আছেন যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের অবজ্ঞার চোখে দেখেন, যা অত্যন্ত দুঃখজনক। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ করতে হলে, নারীদের সমর্থন জানানো ছাড়া কোনো বিকল্প নেই।
প্রধান উপদেষ্টা আরো বলেন, নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, না হলে জাতি হিসেবে আমরা এগোতে পারবো না। তিনি পুরুষদেরকে নারীদের নায্য স্থান প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশ’-এ আমরা প্রত্যাশী পরিবারকে নতুনভাবে গড়তে চাই, যেখানে সব বাবা-মা এবং ভাই-বোনের স্বীকৃত অধিকার থাকবে।
ইউনূস দেশের নৈরাজ্য সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের বিষয়েও সতর্ক থাকতে বলেন। তিনি বলেন, আমরা ততটাই সতর্ক থাকতে হবে, যেমনটা যুদ্ধের সময় থাকতাম। নারীর ও শিশুর নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার এবং নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ার উপর গুরুত্বারোপ করেন।