নারীর নিরাপত্তাসহ আরো দুই দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ - দিগন্ত জার্নাল

নারীর নিরাপত্তাসহ আরো দুই দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

দিগন্ত জার্নাল ডেস্ক :

জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশটি আজ শনিবার (৮ মার্চ) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হবে।

সমাবেশে উপস্থিত থাকবেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা।

এদিকে, শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারীদের ওপর সহিংসতা বা নিপীড়ন বরদাশত করা হবে না বলে জানিয়েছে এনসিপি। একই সঙ্গে নারীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হয়রানি করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। এই ঘটনায় এনসিপি একে অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছে।

এনসিপি আরও জানায়, মাগুরায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর নারী নেতারা অনলাইনে সাইবার হয়রানির শিকার হচ্ছেন। দলটি নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এসব অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নারীদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য এনসিপি সর্বদা বদ্ধপরিকর এবং এ ধরনের নিপীড়ন জনপরিসরে নারীদের নিরাপত্তাহীনতা তুলে ধরে। এনসিপি মনে করে, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করতে পারলেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

an adbox will go here