মাগুরায় শিশুর ওপর পাশবিক নির্যাতন, অবস্থা আশঙ্কাজনক
দিগন্ত জার্নাল ডেস্ক :
মাগুরায় আট বছরের এক শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে গলা ও অন্যান্য স্থানে ক্ষত পাওয়া গেছে। বর্তমানে সে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে, তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে গাইনি বিভাগ থেকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
পরিবারের সূত্রে জানা গেছে, শিশুটি মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। ইতোমধ্যে শিশুটির দুলাভাই ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ ঘটনায় মাগুরার স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। শুক্রবার জুমার নামাজের পর তারা মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।