বাংলাদেশে ১/১১ তে হস্তক্ষেপ ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ - দিগন্ত জার্নাল

বাংলাদেশে ১/১১ তে হস্তক্ষেপ ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ

দিগন্ত জার্নাল ডেস্ক :

সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ বলেছেন, ২০০৭-০৮ সালে বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতিতে কিছু ভুল ছিল। বিশেষ করে ১/১১ ঘটনার সময় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সঠিক সিদ্ধান্ত ছিল না। সে সময় মার্কিন প্রশাসন প্রাতিষ্ঠানিক সংস্কারে যথাযথ গুরুত্ব দেয়নি।

শনিবার (৮ মার্চ) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণ-আন্দোলনের পর বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বর্তমান গতিশীলতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম।

মাইলাম বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দীর্ঘস্থায়ী। তবে গণতান্ত্রিক বিকাশের জন্য শাসক দলের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, তার সংস্থা আমেরিকান জনগণকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে কাজ করছে এবং এই উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে।

ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জবাবদিহিতার অভাব। গণতন্ত্রকে বিকশিত করতে সামরিক ও বেসামরিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা জরুরি। তিনি আরও জানান, বাংলাদেশ বর্তমানে তথ্যযুদ্ধের সম্মুখীন এবং বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ করছে।

তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশ নিয়ে দেওয়া কিছু বিবৃতি বিভ্রান্তিকর বলে অভিহিত করেন এবং জানান, কিছু গোষ্ঠী দুই দেশের সম্পর্ক অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া, সেন্টমার্টিন দ্বীপে মার্কিন সামরিক কার্যক্রম সম্পর্কিত গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন।

ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। স্বৈরাচারী শাসন কখনোই মার্কিন স্বার্থের পক্ষে সহায়ক নয়। বর্তমান সরকার জনগণের সমর্থন নিয়ে আগের ভুল থেকে শিক্ষা নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করে সুশাসনের জন্য ব্যবহার করার আহ্বান জানান।

an adbox will go here