নেত্রকোনা দুর্গাপুরে মাদক সেবনকালে আটক, ১০ দিনের কারাদণ্ড
দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে।
সেনা সূত্র জানায়, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মোস্তফাকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেওয়ানুল কবীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তফাকে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এরপর তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার জানান, মাদক ও চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।