কুরআনের শিক্ষা বাস্তবায়নে নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব: ধর্ম উপদেষ্টা - দিগন্ত জার্নাল

কুরআনের শিক্ষা বাস্তবায়নে নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। শনিবার ঢাকার অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫: আল কুরআনের আলোকযাত্রা’ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একশ্রেণির মানুষ নারীর প্রতি সহিংস আচরণ করে, যা পরিহার করা উচিত। পবিত্র কুরআনের সুরা আল মুজাদালা নাজিল হয়েছিল এক নারীর আর্তনাদে, যা প্রমাণ করে ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে। তিনি আরও বলেন, পুরুষ ও নারী একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এবং ইসলামে নারীদের সম্মানিত করা হয়েছে। হাদিস শরিফেও বলা হয়েছে, “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।”

ধর্ম উপদেষ্টা কুরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কুরআনের চর্চা বাড়াতে হবে। কুরআনের অনুশীলন, অনুধাবন ও বিধান মেনে চললে বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব। তরুণদের উদ্দেশে তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জামালপুর জেলা সমিতি ঢাকার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম।

ধর্ম উপদেষ্টা অনুষ্ঠানে হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। প্রতিযোগিতাটি চারটি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয় এবং দেশের বিশিষ্ট ওলামায়ে কুরআন বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নেত্রকোনা জেলার আব্দুল্লাহ সাঈদ মুনতাহা, দ্বিতীয় স্থান অধিকার করে নেত্রকোনার দিদারুল ইসলাম, এবং তৃতীয় স্থান অর্জন করে টাঙ্গাইলের আব্দুল্লাহ মোহাম্মদ ওয়াইসি।

an adbox will go here