গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক, বিএনপি মেনে নেবে না: টুকু
দিগন্ত জার্নাল ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান রয়েছে, তাই গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব দাবি শুধুমাত্র নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এবং বিএনপি এসব মেনে নেবে না।
তিনি রোববার সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, “বাংলাদেশে একটি সংবিধান আছে, যা বাতিল করা হয়নি। তাই গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নেই। নির্বাচন হলে তা হবে পার্লামেন্ট নির্বাচন, এবং সংবিধান সংশোধনের প্রয়োজন হলে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তবে এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে, যা বিএনপি মেনে নেবে না।”
এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, “ড. ইউনূসের মতো বিশ্ববরেণ্য মানুষ সরকারে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি এবং নারী নিরাপত্তাহীনতার মতো সমস্যা বেড়ে গেছে।”
তিনি দেশের বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন এবং সংবিধানে প্রয়োজনীয় সংশোধন করার আহ্বান জানান।