রমজানে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক :
জননিরাপত্তা এবং ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিকভাবে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ভোরে তিনি তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানাগুলো পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা থানাসমূহ পরিদর্শনকালে সেখানে থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা এবং অন্যান্য আনুষঙ্গিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি ডিউটি অফিসার এবং কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।” তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট/তল্লাশিচৌকি পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। এছাড়াও, তিনি যৌথ বাহিনীর টহল দলের কার্যক্রম মনিটরিং করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রায় শতাধিক চেকপোস্ট এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে। রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “যারা সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার এবং বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে কাজ করার নির্দেশ দেন।