বায়ুদূষণ ও পরিবেশদূষণ রোধে দেশব্যাপী অভিযান: ১৯ কোটি টাকারও বেশি জরিমানা - দিগন্ত জার্নাল

বায়ুদূষণ ও পরিবেশদূষণ রোধে দেশব্যাপী অভিযান: ১৯ কোটি টাকারও বেশি জরিমানা

বায়ুদূষণ ও পরিবেশদূষণ রোধে দেশব্যাপী অভিযান: ১৯ কোটি টাকারও বেশি জরিমানা

দিগন্ত জার্নাল ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদফতর সারাদেশে ২ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এই সময়ে ৫৯৮টি অভিযানে বিভিন্ন ধরনের পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহন, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দ দূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমণ, সীসা/ব্যাটারি রিসাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ১ হাজার ৩৬৩টি মামলা দায়ের করা হয় এবং ১৯ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ৩০৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়, ১৫৭টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ৬০টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

রোববার ঢাকার হাতিরঝিল, মগবাজার, আদাবর, আফতাবনগর, বাড্ডা ও ধানমন্ডি এলাকায় ৪টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে ১১টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জে রেডিমিক্স কারখানার বিরুদ্ধে অভিযানে ৩টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, ঝিনাইদহ, ভোলা, সিরাজগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, পিরোজপুর, গাইবান্ধা, শরীয়তপুর, বরগুনা, ঠাকুরগাঁও, বগুড়া ও শেরপুর জেলায় ২০টি অভিযান পরিচালিত হয়। এতে ১৯টি মামলায় ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২২টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ এবং ৩টি ইটভাটা বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

an adbox will go here