উত্তরার নিজ বাসায় সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া খুন - দিগন্ত জার্নাল

উত্তরার নিজ বাসায় সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া খুন

দিগন্ত জার্নাল প্রতিবেদক:

রাজধানীর উত্তরখানে নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার ভোরে উত্তরখান পুরান পাড়ার একটি বাসার চতুর্থ তলায় এ হামলার ঘটনা ঘটে। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাথরুমের দরজা ভেঙে বের হয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. নাসিম জানান, সাইফুর রহমান ওই বাসায় নিয়মিত থাকতেন না, মাঝে মাঝে আসতেন। তিনদিন আগে তিনি সেখানে আসেন এবং তার সঙ্গে এক নারী ও এক যুবক ছিলেন, যাদের তিনি ভাবী ও ভাতিজা পরিচয় দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দুজনই তাকে কুপিয়ে হত্যা করে বাসার মূল দরজা বন্ধ করে চলে যান।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। উত্তরা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সাইফুর রহমান ভূঁইয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে। জানা গেছে, তিনি একসময় বিএনপির মতাদর্শী ছিলেন, তবে আওয়ামী লীগের বিভিন্ন সেমিনারে অংশ নেওয়ার পর তার কিছু ছবি ভাইরাল হয়, যা নিয়ে কলেজে বিতর্ক ও শিক্ষকদের মধ্যে কোন্দল তৈরি হয়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

an adbox will go here