নেত্রকোণায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার
দিগন্ত জার্নাল ডেস্ক :
নেত্রকোণার খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের দুইদিন পর ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (১০ মার্চ) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। নিহতরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহিদ মিয়া (৪৮), মদন উপজেলার বাগজান গ্রামের রুকন মিয়া (৪৫) এবং কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া (৩২)।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে বিভিন্ন স্থান থেকে আসা মাছ শিকারিরা সংঘবদ্ধভাবে খালিয়াজুরি উপজেলার জলমহালগুলোতে মাছ ধরছিলেন। গত শনিবার সকালে সহস্রাধিক মাছ শিকারি পলো ও লাঠি নিয়ে একটি জলমহালে মাছ ধরতে গেলে রসুলপুর গ্রামের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়, যাতে অনেকে আহত হন এবং দোকানপাট, ঘরবাড়ি ও যানবাহন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকজন শিকারি প্রাণ বাঁচাতে ধনু নদীতে ঝাঁপ দিলে কয়েকজন নিখোঁজ হন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার ধনু নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিনজনের মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।