পঙ্গু হাসপাতালে হামলার শিকার জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা - দিগন্ত জার্নাল

পঙ্গু হাসপাতালে হামলার শিকার জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) হামলার শিকার হয়েছেন জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা। হাসপাতালের কর্মচারী ও দালাল চক্র চিকিৎসাধীন ১২ জনকে মারধর করেছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার কারণে এ হামলা হয়েছে।

পঙ্গু হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিয়াদ, কোরবান, রফিক, আল আমিন, তানভীর, মিজান, হুজাইফা, মিম, নাদিম, আইয়ূব আলী, সৌরভ, চক্ষুবিজ্ঞান হাসপাতালের রিয়াদ ও সোয়েব সহ ১২ জন আহত হয়েছেন। হাসপাতালের সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং জরুরি বিভাগে সেনা পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারধরের শিকার ছাত্র দুলাল জানান, দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্মচারী ও দালাল চক্রের সদস্যরা তাদের ওপর হামলা করে। অন্যদিকে, মামুন আহমেদ বলেন, পুরো হাসপাতালই দালাল সিন্ডিকেট দ্বারা চালিত এবং তারা দালাল চক্রের বিরুদ্ধে কথা বলায় হামলা করা হয়েছে।

হাসপাতালের এক কর্মী জানান, বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীদের সাথে দ্বন্দ্ব চলছিল, যার ফলে রোববার রাতে ব্ল্যাডব্যাংকের কর্মী রফিককে মারধর করা হয় এবং প্রতিবাদে কর্মবিরতি শুরু হয়।

এ বিষয়ে পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. মো. আবুল কেনান ফোন রিসিভ করেননি। তবে, ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, হামলায় দুপক্ষই আহত হয়েছেন এবং দালালদের ধরতে অভিযান শুরু হবে।

an adbox will go here