একটি রাজনৈতিক দল সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে: আমিনুল হক - দিগন্ত জার্নাল

একটি রাজনৈতিক দল সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে: আমিনুল হক

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী। সোমবার রাজধানীর মিরপুর ২ নম্বর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে নানা মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। অনেকেই বিএনপির নামে অপপ্রচার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে, তাদের লোকজন বিএনপির ছদ্মবেশে ষড়যন্ত্র করছে, তবে বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই।

আমিনুল হক আরও বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল, যারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির নামে কেউ লুটপাট ও দখলদারির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যা সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপির নেতৃত্বেই জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আবুল হোসেন আব্দুলের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, মামুন হাসান, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

an adbox will go here