ধর্ষকদের কঠোর শাস্তির দাবি: তাহসিনা রুশদির লুনা
দিগন্ত জার্নাল ডেস্ক :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ধর্ষণ একটি জঘন্য অপরাধ, যেখানে মা-বোন ও মেয়েরাও নিরাপদ নয়। বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমে ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়, অপরাধীরা ক্ষমতার অপব্যবহার ও টাকার জোরে পার পেয়ে যায়। ফলে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে এবং এর সঠিক বিচার হচ্ছে না। তাই ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়, নারীদের প্রতি সহনশীল হতে হবে। বিশেষ করে শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।
সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ওপর পাশবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলা দলের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং সহসভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন সহসভাপতি ফারজানা বক্ত রায়না, সাবেক যুগ্ম সম্পাদক দিবা রানী দে বাবলী, সহমহিলা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, ১৯ নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে তাহসিন শারমিন তামান্না বলেন, “আমরা আর কোনো ধর্ষণের ঘটনা দেখতে চাই না। এই দেশে ধর্ষকদের কোনো স্থান নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ আছিয়ার পাশে রয়েছে।”