এ বছর ফিতরার হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা - দিগন্ত জার্নাল

এ বছর ফিতরার হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

দিগন্ত জার্নাল ডেস্ক :

বাংলাদেশে এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার নির্ধারিত হার ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২,৯৭০ টাকা। অর্থাৎ, এ বছর ফিতরার সর্বনিম্ন হার ৫ টাকা কমানো হয়েছে, এবং সর্বোচ্চ হার ১৬৫ টাকা কমেছে।

ফিতরা নির্ধারণে সাধারণত গম, খেজুর, যব, কিসমিস ও পনিরের বাজারদর বিবেচনায় নেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

an adbox will go here