সুনামগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ২০ - দিগন্ত জার্নাল

সুনামগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

দিগন্ত জার্নাল ডেস্ক:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬০), তিনি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় নিয়ে বেশ কিছুদিন ধরে ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর মধ্যে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুগ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এরপর হযরত আলীর গ্রুপ হারুন মাহমুদের লোকজনকে ধাওয়া করলে তারা বাজার ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর, হারুন মাহমুদ গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে হযরত আলী গ্রুপের ওপর হামলা চালায়। সংঘর্ষে ইটের আঘাতে মোহাম্মদ আলী নিহত হন।

হতাহতদের উদ্ধার করে ধর্মপাশা ও নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, “এ ঘটনায় বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।”

পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, “চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের এই ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে।”

an adbox will go here